সংবাদদাতা, জামুড়িয়া -: বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন করতে গিয়ে শেষমেশ নিজের দলের কর্মীদের কাছেই ‘আতিথেয়তা’র নতুন নমুনা টের পেলেন কুলটির বিধায়ক বিজন মুখার্জী! রবিবার সন্ধ্যায় জামুড়িয়ার বিরকুলটি গ্রামে দলীয় কার্যালয় খুলতে গিয়ে তিনি জানতেই পারলেন না যে, মাত্র ২০০ মিটার দূরে আগে থেকেই বিরাজ করছে মন্ডল ১-এর শক্তি কেন্দ্র প্রমুখের দপ্তর। ব্যাস, আর যায় কোথায়! নতুন ঘর সাজানোর আগেই শুরু হয়ে গেল ‘গৃহযুদ্ধ’।
বিজেপি কর্মী আদিত্যনাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, বিধায়ক গ্রামে পৌঁছানো মাত্রই মন্ডল সভাপতি পিনাকী রায় ও শক্তি কেন্দ্র প্রমুখ দেবকুমার (বাপ্পা) মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওঠে জোরদার ‘গো ব্যাক’ স্লোগান। এমনকি রাতের অন্ধকারে মারধরের অভিযোগও উঠেছে।
অন্যদিকে দেবকুমারবাবুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া- ‘সব মিথ্যা, ক্ষমতা থাকলে থানায় যাক!’ তবে নিজস্ব স্টাইলে অন্তর্দ্বন্দ্বে জড়ানো এই ঘটনার পর বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে সাড়া মেলেনি। বিরোধী নয়, ঘরের লোকের তাড়াতেই এখন কার্যত জেরবার গেরুয়া শিবির!