এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্মশানঘাট দখলের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা

By Eaibanglai - August 10, 2026
— Advertisement —
Advertisement
শ্মশানঘাট দখলের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা

সন্তোষ কুমার মণ্ডল,জামুড়িয়াঃ- জামুড়িয়া থানার অন্তর্গত পাড়াসিয়া পঞ্চায়েতের বেলবাদ এলাকায় শ্মশানঘাটের জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। শ্মশানঘাট রক্ষার দাবিতে এলাকার বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে জমি দখলের অভিযোগের প্রতিবাদ জানান। ১৬ আনা কমিটির নেতৃত্বে চলে বিক্ষোভ কর্মসূচি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিঙ্গারণ নদীর তীরে বেলবাদ-জোটজাঁকি এলাকায় প্রায় ৫০ বছর ধরে একটি শ্মশানঘাট রয়েছে। দীর্ঘদিন ধরে ওই শ্মশানঘাটে এলাকার মানুষজন মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে আসছেন। অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিনের সাহায্যে শ্মশানঘাটের জমি দখলের চেষ্টা করছেন।

এই ঘটনার প্রতিবাদে রবিবার ১৬ আনা কমিটির নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে শ্মশানঘাটের জমি রক্ষা করুক।

স্থানীয়দের আরও দাবি, এর আগেও ওই শ্মশানঘাটের জমি দখলের চেষ্টা করা হয়েছিল। সেই সময় এলাকার মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ ও আন্দোলনের জেরে শ্মশানঘাটটি রক্ষা করা সম্ভব হয়। এবারও কোনওভাবেই শ্মশানঘাটের জমি দখল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পূর্বে একই ধরনের ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন ও পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। এরপরও ফের দখলের অভিযোগ ওঠায় ক্ষোভ আরও বেড়েছে।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে গোটা ঘটনার তদন্ত করে শ্মশানঘাটের জমি দখলের চেষ্টা বন্ধ করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগে যাঁর নাম উঠে এসেছে, তাঁর দাবি, যে জমিতে বর্তমানে জেসিবি দিয়ে কাজ চলছে, সেটি শ্মশানঘাটের জমি থেকে যথেষ্ট দূরে অবস্থিত। তাঁর বক্তব্য, জেসিবি দিয়ে যে জমিতে কাজ করা হচ্ছে, সেটি তাঁর নিজস্ব জমি। ফলে শ্মশানঘাটের জমি দখলের অভিযোগ সঠিক নয় বলেই দাবি করেছেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement