সংবাদদাতা, জামুড়িয়া -: রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, মসনদে বিজেপি সরকার। শীর্ষ নেতৃত্ব হুঙ্কার ছেড়েছেন- দুর্নীতির বিরুদ্ধে নাকি ‘জিরো টলারেন্স’! কিন্তু জামুড়িয়ার তপসী রেলওয়ে সাইডিংয়ে চোখ রাখলে বোঝা যায়, সরকার বদলালেও তোলাবাজির পুরনো সিন্ডিকেট রূপ বদলে বহাল তবিয়তেই হাসছে।
৭০-৮০টি ডাম্পারের চালক-মালিকদের বকেয়া জমার পাহাড় জমেছে। অভিযোগের কাঠগড়ায় চার ট্রান্সপোর্টার- জগদ্ধাত্রী মোভার্স (৬%), শ্রীমাধব ট্রান্সপোর্ট (৮%), আইটি এন্টারপ্রাইজ (১০%) এবং ৭০ লাখ টাকার পেমেন্ট আটকে রাখা এমএমপিএল! কারখানা কর্তৃপক্ষ কুড়ি দিনেই টাকা মিটিয়ে দিলেও ডাম্পার মালিকদের শুনতেই হচ্ছে আসল শর্ত- 'বিনা পার্সেন্টেজে পেমেন্ট চাইলে তিন মাস অপেক্ষায় থাকো!'
প্রশ্ন উঠছে, ক্ষমতার গদি বদলালেও কাটিং সংস্কৃতির হাতবদল ছাড়া আর কী বদলালো? দুর্নীতিমুক্ত শাসনের এই গালভরা বুলি কি কেবলই নির্বাচনী মঞ্চের নাটক, নাকি আসল 'জিরো' কাটমানির হার নয়- বরঞ্চ সাধারণ মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতির মূল্য?
গাড়ি থামিয়ে ক্ষুব্ধ মালিকেরা এখন চেয়ে আছেন, শীর্ষ কর্তাদের চরম হুঁশিয়ারি কি অবশেষে ফাইলেই বন্দি থাকবে নাকি বাস্তবে নামবে!