সন্তোষ কুমার মণ্ডল,কাঁকসাঃ- দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও প্রশাসনিক বাধা পেরিয়ে অবশেষে আধুনিক রূপ পেতে চলেছে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রামের জরীলাল স্মৃতি উচ্চ বিদ্যালয়। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যালয়ে বহুপ্রতীক্ষিত ‘স্মার্ট ক্লাস’ বা আধুনিক ক্লাসরুম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৎকালীন বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া তাঁর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই বিদ্যালয়ে স্মার্ট ক্লাস তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছিলেন। কিন্তু অভিযোগ, রাজ্যে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে বিগত কয়েক বছর ধরে এই উন্নয়নমূলক কাজটি সম্পূর্ণ থমকে ছিল। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর, সাংসদ কোটায় অনুমোদিত এই থমকে থাকা প্রকল্পের ফাইলটি পুনরায় সচল করা হয় এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।
সোমবারের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, "শিক্ষার আলো থেকে গ্রামের পড়ুয়াদের বঞ্চিত করা কখনোই উচিত নয়। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ হওয়া উচিত ছিল। দেরিতে হলেও গ্রামের শিশুরা এবার ডিজিটাল শিক্ষার সুবিধা পাবে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালন সমিতি এবং স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নতুন এই স্মার্ট ক্লাস চালু হলে গ্রামীণ এলাকার সাধারণ পরিবারের শিক্ষার্থীরাও আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।