সংবাদদাতা,কলকাতাঃ- পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া আনতে এবং রাজ্যজুড়ে সড়ক পরিকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে এক তাৎপর্যপূর্ণ সফরে দিল্লি পাড়ি দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী ডা. অজয় পোদ্দার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় আয়োজিত এই সফরে রাজধানী শহর সাক্ষী হতে চলেছে রাজ্য ও কেন্দ্রের যৌথ পরিকাঠামোগত আলোচনার।
সফরকালে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন পূর্তমন্ত্রী। রাজ্যে নতুন জাতীয় সড়ক নির্মাণ, বিদ্যমান পথের সম্প্রসারণ এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এই বৈঠকের মূল লক্ষ্য। এছাড়াও, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধি ও সাংসদদের উপস্থিতিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিশেষ পর্যালোচনা বৈঠকে রাজ্যের ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর চলমান প্রকল্পগুলির গতিপথ নির্ধারণ করা হবে।
প্রশাসনিক এই তৎপরতা রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে বলেই আশা করা হচ্ছে।