নিজস্ব সংবাদদাতা,কলকাতা:- গত বছরের অক্টোবর মাসে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের সামনের জমি থেকে যাত্রা শুরু করেছিল দুই টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দুর্গা’ ও ‘দিব্যা’। এরপর একে একে মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে এগিয়ে যায় তারা। পথে পড়েছে আদি গঙ্গা এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধের নীচের অংশ। পাশাপাশি টাটা সেন্টার, এভারেস্ট হাউসের মতো বহুতলও রয়েছে এই এলাকার উপরিভাগে। ফলে মাটির নিচে সুড়ঙ্গ তৈরির কাজ ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। সে সব বাধা পেরিয়ে মঙ্গলবার সকালে ১.৭ কিলোমিটারের বেশি পথ পেরিয়ে কংক্রিটের দেওয়াল ফুঁড়ে ময়দান সংলগ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে পৌঁছোয় ‘দিব্যা’। প্রায় ১০ মাসের টানেলিংয়ের পর গন্তব্যে পৌঁছল এই (টিবিএম) ।
এদিন খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দিব্যা’ এবং ‘দুর্গা’কে আপাতত এক দফা রক্ষণাবেক্ষণ করা হবে এবং আগামী প্রায় দু’মাস সুড়ঙ্গ তৈরির ফলে উপরিভাগের কাঠামোয় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে এরপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নীচ দিয়ে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনের সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করবে ‘দুর্গা’ ও ‘দিব্যা’।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘দুর্গা’ পার্ক স্ট্রিটে পৌঁছতে পারে। আর ‘দিব্যা’ ২০২৭ সালের মার্চ নাগাদ পার্ক স্ট্রিটে পৌঁছতে পারে বলে মেট্রো সূত্রে খবর।
সবকিছু ঠিকঠাক চললে ২০২৯ সালের দীপাবলির মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পার্পল লাইনে বাণিজ্যিক পরিষেবা চালুর লক্ষ্য পূরণ হবে বলে আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।