সংবাদদাতা,কুলটিঃ- কুলটির নিয়ামতপুর থেকে ২৪ গ্রাম হেরোইন সহ ধৃত মাদক কারবারি পাপ্পু আনসারিকে জেরা করে বড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পাপ্পুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগোলায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত দুই সেলারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুলাই নিয়ামতপুর এলাকায় পাপ্পু ও তাঁর স্ত্রীকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতেই পাচারচক্রের চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেই সূত্র ধরে গত ২২ জুলাই লালগোলায় অভিযান চালিয়ে মঞ্জুর আলী ও সাদ্দাম হুসেন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই চক্রের মূল উৎস কোথায় এবং এর পেছনে কোনও বড় আন্তঃরাজ্য নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।