সংবাদদাতা,কুলটি -: উচ্চ সুদের মোহ যে অনেক সময় সর্বনাশের পথ খুলে দেয়, তারই আরেকটি অভিযোগ সামনে এল কুলটির সাকতোরিয়া এলাকা থেকে। অভিযোগ, মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে এক বেসরকারি সংস্থা স্থানীয় এক মহিলার কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগ করায়। কিন্তু প্রতিশ্রুত সুদের দেখা তো মেলেইনি, উল্টে এখন বিনিয়োগকারীর ভরসার জায়গা হয়েছে থানার ডায়েরি।
ঘটনার জেরে ওই মহিলা অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কুলটি থানার সাইবার বিভাগ এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংস্থাটির কার্যালয় রানীগঞ্জ এলাকায়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ আর্থিক লেনদেন-সহ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশের বক্তব্য, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুদের স্বপ্ন যত উঁচু, প্রতারণার ধাক্কাও যে তত গভীর হতে পারে- এই ঘটনাই যেন আবার সেই সতর্কবার্তা মনে করিয়ে দিল।