নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উৎসবের মরশুমের ঠিক মুখে দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং বন্ধ হয়ে যাওয়া এসটি বিভাগ অবিলম্বে চালু করার মতো একগুচ্ছ দাবি নিয়ে কারখানার গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করলো ভারতীয় মজদুর সংঘ। মঙ্গলবার এই সমস্ত দাবিদাওয়া নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন বিএমএস-এর জেলা নেতৃত্ব।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস-এর জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি সহ স্থানীয় অন্যান্য শ্রমিক নেতারা। সভা মঞ্চ থেকে কারখানা কর্তৃপক্ষের নীতি ও শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়।
সংগঠনের জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি সংবাদমাধ্যমকে জানান, "দুর্গাপুর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিকদের বেতন সহ একাধিক দীর্ঘমেয়াদি সমস্যা রয়েছে। তার ওপর উৎসবের ঠিক মুখে কোনো অজ্ঞাত কারণে আচমকা কারখানার এসটি বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন।" তিনি আরও যোগ করেন, "এই সমস্ত শ্রমিক স্বার্থবিরোধী সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজ আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছি। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক, অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।"
শ্রমিক অসন্তোষের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। শ্রমিক মহলের একাংশের অভিযোগ, প্রতি বছর নিয়ম মেনে কারখানার অভ্যন্তরে যে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হতো, এবার নাকি সেখানে পুজো করার অনুমতি দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
এই প্রসঙ্গে বিএমএস-এর তরফে তীব্র আপত্তি জানিয়ে বলা হয়েছে, শ্রমিকরা যেখানে চাইবে পুজো সেখানেই হবে। এ বিষয়ে বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরে তাদের দাবি, শ্রমিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হলে তা মেনে নেওয়া হবে না।