সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে ভোট মিটেছে মাস তিনেক হয়ে গেছে। কিন্তু এই সময়ে রাজ্যে হঠাৎ আগমন হতে শুরু করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর। এই বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার এই প্রসঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সাফ জানান, বাংলায় এখন বিজেপি নেতৃত্বাধীন 'ডাবল ইঞ্জিন' সরকার, তাই কেন্দ্রীয় বাহিনী থাকবেই। সোমবার আসানসোলে মহিলাদের নিরাপত্তার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ নামক বিশেষ মহিলা পুলিশ দলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "ডাবল ইঞ্জিনের সরকারে কেন্দ্রীয় বাহিনী তো থাকবেই। সামনেই দুর্গাপুজো, যা শুধু রাজ্যের বৃহৎ উৎসব নয়, বলতে গেলে সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা উৎসব যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়। এই উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ বাংলায় আসেন, তাই তাঁদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।" পূর্বতন তৃণমূল সরকারের নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, "এতদিন আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে সেভাবে চিন্তাই করা হয়নি।"
প্রসঙ্গত, রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দুর্গাপুজো এবং আসন্ন উৎসবের মরশুমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই কয়েক কোম্পানি আধাসামরিক বাহিনী রাজ্যে পাঠানো শুরু হয়েছে।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণত নির্বাচন বা বড় কোনো অশান্তির আবহ ছাড়া উৎসবের এত আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নজির বাংলায় কম। তবে রাজ্যের বর্তমান শাসকদলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলার কড়াকড়ি বজায় রাখতেই 'ডাবল ইঞ্জিন' সরকারের এই পদক্ষেপ।