সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা সংগঠনে বড়সড় রদবদল ঘটানো হলো। জেলার নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা হরজিৎ সিং। দায়িত্ব কাঁধে নেওয়ার পরদিনই তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাঁর মূল লক্ষ্য হলো নতুন ও পুরনো নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ঘটিয়ে জেলায় দলকে আবার শক্তিশালী ভিতের ওপর দাঁড় করানো।
রাজনৈতিক মহলের মতে, গত কয়েকটি নির্বাচনে আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে খোলামেলা মনোভাব দেখিয়ে নতুন জেলা সভাপতি হরজিৎ সিং বলেন, "অতীতে দুই গোষ্ঠীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা মেটাতে সমন্বয়ের চেষ্টা শুরু হয়েছে। আমাদের জাতীয় সভাপতি এবং রাহুল গান্ধী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমি অত্যন্ত আশাবাদী যে, সবাইকে একসঙ্গে নিয়ে আমরা পশ্চিম বর্ধমানে কংগ্রেসকে একটি শক্তিশালী শক্তি হিসেবে তুলে ধরতে পারব।"
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাংশের নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জেলা রাজনীতিতে যে শোরগোল শুরু হয়েছে, তা নিয়েও মুখ খোলেন তিনি। অনেকের দাবি এতে আদপে দলের ‘তৃণমূলীকরণ’ হবে। এই ‘তৃণমূলীকরণ’-এর তত্ত্ব সম্পূর্ণ নস্যাৎ করে হরজিৎ সিং দাবি করেন, "কংগ্রেসের নিজস্ব আদর্শ রয়েছে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দুর্বল করার চেষ্টা করেও সফল হয়নি। এখন পরিস্থিতি পাল্টাচ্ছে। অন্য দল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে ফিরছেন। আগামী দিনে পশ্চিমবঙ্গে কংগ্রেসই সবচেয়ে শক্তিশালী বিকল্প হয়ে উঠবে।"
জেলা সভাপতি পদে এই রদবদলের পর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণে কোনো বড়সড় বদল আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।