সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শহরকে যানজটমুক্ত করতে এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ করল প্রশাসন। বৃহস্পতিবার থেকে আসানসোল শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পরীক্ষামূলকভাবে ওয়ান-ওয়ে (একমুখী) যান চলাচল ব্যবস্থা চালু করা হলো। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সুষ্ঠু ও নির্বিঘ্ন করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই ট্রাফিক নিয়মে হটন রোড মোড় থেকে গড়াই রোড হয়ে আসানসোল জেলা হাসপাতাল পর্যন্ত যান চলাচলের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে কোনো রকম যানজটে না ফেঁসে দ্রুত পৌঁছতে পারেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তবে নতুন এই ট্রাফিক ব্যবস্থা চালুর প্রথম দিনেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শহরের বাসিন্দাদের মধ্যে। ওয়ান-ওয়ে ব্যবস্থা কার্যকর হওয়ায় শহরের সাধারণ পথচলতি মানুষকে বেশ কিছু জায়গায় ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও, আচমকা এই পরিবর্তনের কারণে যাতায়াতের সময় ও খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ নিত্যযাত্রী ও চালক।
এই বিষয়ে ট্রাফিক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রাথমিক স্তরে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই সিদ্ধান্ত শহরের যানজট অনেকাংশে কমিয়ে আনবে। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি যাতে কোনো বাধাহীনভাবে জেলা হাসপাতালে যাতায়াত করতে পারে, সেই মানবিক দিকটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই নতুন ট্রাফিক পরিকল্পনা রূপায়ণ করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কিছু রদবদল করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।