নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্পত্তির লোভের জেরে নিজের স্বামীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের মহাল এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ হাসমত (৪৪)। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শেখ হাসমত কর্মসূত্রে বীরভূমে থাকতেন। তবে গত কয়েকদিন ধরে তিনি পাণ্ডবেশ্বরের মহালের শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। গত রবিবার রাতে শেখ হাসমত যখন রাতের খাবার খেতে বসেন, ঠিক তখনই তাঁর স্ত্রী পূর্বপরিকল্পিতভাবে নিজের ভাইদের (হাসমতের শ্যালক) খবর দিয়ে ডেকে আনেন।
অভিযোগ উঠেছে, শ্যালকরা বাড়িতে ঢোকার পরই স্ত্রীর উস্কানিতে শেখ হাসমতের ওপর আচমকা চড়াও হয়। লাঠিসোঁটা ও ভারী বস্তু দিয়ে তাঁর ওপর মারাত্মক হামলা চালানো হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় শেখ হাসমত মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী ও শ্যালকরা পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি দখল বা সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই খুন। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।