সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- রেললাইন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রানীগঞ্জের সাহেবগঞ্জ এলাকায়। বাইপাসের ধারে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একটি আবাসিক বাড়ি। ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা না মিটিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সাহেবগঞ্জ এলাকায় রেল সম্প্রসারণের জন্য অধিকাংশ জমি আগেই খালি করা হয়েছিল। তবে কয়েকটি বাড়ি উচ্ছেদ হওয়া বাকি ছিল। সোমবার দুপুরে আচমকাই বিপুল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছায় বিশাল বুলডোজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে মোতায়েন ছিলেন। এর পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফে নিয়ে আসা হয় কেন্দ্রীয় বাহিনীও。 এই যৌথ নিরাপত্তা বলয়ের উপস্থিতিতেই শুরু হয় বাড়ি ভাঙার কাজ।
ভারী বুলডোজারের আঘাতে চোখের সামনে নিজেদের আশ্রয় ভেঙে পড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মালিক ও তাঁর পরিবারের সদস্যরা। বাড়ির মালিকের দাবি, প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের কথা বলা হলেও, ক্ষতিপূরণের পুরো টাকা মেটানো হয়নি। যদিও প্রশাসনের তরফে দাবি করা হয় নিয়ম মেনেই জমি অধিগ্রহণ করা হয়েছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ বাইপাস এলাকায় স্থানীয় মানুষের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। বাসিন্দাদের একাংশের প্রশ্ন, যদি ক্ষতিপূরণ নিয়ে কোনো আইনি বা প্রযুক্তিগত আপত্তি থেকে থাকে, তবে তার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে কেন একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই এভাবে ভেঙে ফেলা হল?