এই বাংলায় দক্ষিণ বাংলা

যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু ধসে যাওয়া রাস্তার

By Eaibanglai - September 04, 2026
— Advertisement —
Advertisement
যুদ্ধকালীন তৎপরতায়  মেরামতির কাজ শুরু  ধসে যাওয়া রাস্তার

সংবাদদাতা,আসানসোলঃ- টানা ভারী বৃষ্টির জেরে বারাবনির ভস্কাজুড়ি মোড় থেকে নুনি যাওয়ার প্রধান রাস্তাটিতে ভয়াবহ ধস নামল। গত বুধবার ভোরে আচমকাই মদনমোহনপুর গ্রামের কাছে রাস্তার প্রায় ৮০ থেকে ৯০ ফুট অংশ মারাত্মকভাবে ধসে নিচে নেমে যায়। এই ঘটনার জেরে ওই এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং চরম দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন ও ডাবলুবি-এসআরডিএ (WB-SRDA)-র দ্রুত তৎপরতায় বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে যুদ্ধকালীন তৎপরতায় প্রাথমিক মেরামতির কাজ শুরু হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভস্কাজুড়ি মোড় থেকে পঞ্চগাছিয়া এসবিআই ব্যাংক পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’-র অধীনে মাত্র এক বছর আগে তৈরি করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিনের একটানা মুষলধারে বৃষ্টির জেরে বুধবার ভোররাতে মদনমোহনপুর সংলগ্ন অংশে রাস্তাটির একটি বিশাল অংশ ধসে বসে যায়। ব্যস্ত এই গ্রামীণ পথটি বন্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।

পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা সুজিৎ মণ্ডল। তবে এই ঘটনায় রাজনৈতিক তরজায় না গিয়ে প্রশাসনিক সক্রিয়তার প্রশংসা করেছেন তিনি। সুজিৎবাবু বলেন, "রাস্তা ধসে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমি স্থানীয় বিধায়ক ও বিডিও-কে বিষয়টি জানিয়েছিলাম। তথ্য পাওয়ার সাথে সাথেই বিডিও দ্রুত প্রতিনিধি দল পাঠান। এসআরডিএ আধিকারিকরাও এলাকায় পৌঁছে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে দিয়েছেন।"

ঘটনাস্থলে উপস্থিত পূর্ত দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, আপাতত বড় গর্তটি মাটি ও বোল্ডার দিয়ে ভরাট করে সমতল করার কাজ চলছে, যাতে দ্রুত সাধারণ মানুষের যাতায়াত এবং হালকা যান চলাচল স্বাভাবিক করা যায়। দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, বর্তমান বর্ষা মরসুমে এই প্রাথমিক সংস্কার করা হলেও, দুর্গাপূজা শেষ হওয়ার পর রাস্তাটিতে স্থায়ীভাবে পিচের কাজ সম্পূর্ণ করা হবে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement