এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতা: লোকালয়ে গন্ডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের ফালাকাটায়। মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায় একটি গন্ডারকে তার শাবক-সহ ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কোনও ভাবে শাবকটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায়। এরপর শাবককে খুঁজতে এলাকায় ছোটাছুটি শুরু করে গন্ডারটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাবককে খুঁজতে গিয়ে গন্ডারটি লোকালয়ে ঢুকে পড়ে। সেই সময় একটি বাড়িরও ক্ষতি হয়। পরে সেখান থেকে বেরিয়ে একটি বাঁশঝাড়ে গিয়ে পড়ে যায় গন্ডারটি। স্থানীয়দের দাবি, বাঁশঝাড়ে পড়ে যাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেনি সেটি। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা সেখানে গন্ডারটির নিথর দেহ দেখতে পান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বনবিভাগের কুঞ্জনগর বিটের বনকর্মীরা এবং ফালাকাটা থানার পুলিশ। কী কারণে গন্ডারটির মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন দফতর। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।
এদিকে, গন্ডারটির শাবকটি বর্তমানে কোথায় রয়েছে এবং তার কী পরিস্থিতি, তা নিয়েও উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বন দফতরের তরফে শাবকটির সন্ধান ও নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।