eaibanglai
Homeএই বাংলায়​গ্যাস ঘাটতির অজুহাতে কারখানা বন্ধ, উত্তাল দেন্দুয়ার ‘বালাজি সিরামিক্স’

​গ্যাস ঘাটতির অজুহাতে কারখানা বন্ধ, উত্তাল দেন্দুয়ার ‘বালাজি সিরামিক্স’

সংবাদদাতা, সালানপুর -: ​গ্যাস ঘাটতির কারণ দেখিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই দেন্দুয়া অঞ্চলের ‘বালাজি সিরামিক্স’ কারখানা বন্ধের সিদ্ধান্তে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ রাখার পর থেকেই কয়েকশো শ্রমিক বকেয়া মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে আন্দোলনের পথে নেমেছেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা বন্ধ থাকলেও তাদের নিয়মিত বেতন দিতে হবে।

​আন্দোলনকারী নেতা অমর মাহাতোর নেতৃত্বে শ্রমিকেরা জানান, দীর্ঘকাল ধরে এখানে ন্যূনতম সরকারি বেতন, পিএফ ও ইএসআই -এর মতো শ্রমিকের আইনগত সুরক্ষা থেকে তাদের বঞ্চিত রাখা হয়েছে। ২ জুন আলোচনার প্রতিশ্রুতি থাকলেও কারখানা কর্তৃপক্ষ এদিন দাবি মানতে অস্বীকার করে। কর্তৃপক্ষের এই অনমনীয় মনোভাব শ্রমিকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই আন্দোলনের মধ্যে কিছু শ্রমিক কর্তৃপক্ষের শর্ত মেনে কাজ চালিয়ে যেতে রাজি হওয়ায় শ্রমিকদের মধ্যে মতভেদও দেখা দিয়েছে। ​এদিকে, কারখানা কর্তৃপক্ষের এহেন উদাসীনতা ও সংবাদমাধ্যম এড়িয়ে চলার প্রবণতা নিয়ে তৈরি হয়েছে রহস্য। কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। শ্রমিকেরা তাদের দাবি নিয়ে এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই তাঁরা গণস্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র তৈরি করেছেন এবং বিষয়টি নিয়ে দ্রুত লেবার কমিশনের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনায় গোটা শিল্পতালুকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন লেবার কমিশনের হস্তক্ষপের দিকেই তাকিয়ে সকলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments