এই বাংলায় দক্ষিণ বাংলা

বিধানসভায় কুনুরে স্থায়ী সেতুর প্রস্তাব বিধায়কের

By Eaibanglai - July 26, 2026
— Advertisement —
Advertisement
বিধানসভায় কুনুরে স্থায়ী সেতুর  প্রস্তাব বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  বর্ষার শুরুতেই  ভেসে গেল কুনুরের অস্থায়ী সেতু। এ কোন নতুন ছবি নয়।  বছর বছর বর্ষা আসে আর সঙ্গে করে ভাসিয়ে নিয়ে যায় কুনুরের সেতু। আর ভোগান্তিতে পড়েন  এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বছরের পর বছর ধরে এই সমস্যার সম্মুখীন এলাকাবাসী। অভিযোগ বহু বার কুনুরে একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি, শুধু মিথ্যে আশ্বাস মিলেছে। এবার সেই দীর্ঘদিনের দাবি বিধানসভায় তুলে ধরলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের আকন্দারা থেকে জেমুয়া হয়ে দুর্গাপুর যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ হল কুনুর নদীর ওপর অস্থায়ী সেতু। কিন্তু বৃষ্টি হলেই কুনুরে জল বারে আর সেতু ভেসে যায়। ফলে প্রতি বছর বর্ষায় মরশুমে প্রায় চার মাস ধরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  এরপর আবার মাটি ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হয়। কিন্তু পরের বর্ষাতেই ফের একই পরিণতি হয়।


প্রসঙ্গত এই সেতু কেবলমাত্র কাঁকসা বা দুর্গাপুরের নয়, বীরভূম, দুর্গাপুর-ফরিদপুর এবং কাঁকসার বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। সেতু না থকলে এলাকার মানুষকে ঘুরপথে অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়, মহকুমা হাসপাতাল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবায় পৌঁছাতে এই রাস্তা ব্যবহার করলে মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। কিন্তু অস্থায়ী সেতু ভেঙে গেলে বাধ্য হয়ে দীর্ঘ ঘুরপথে যাতায়াত করতে হয়। এতে ছাত্রছাত্রী, রোগী, চাকরিজীবী সবাই সমস্যায় পড়েন। ফলে বছরের পর বছর ধরে একটি স্থায়ী সেতু দাবি করে আসছেন এলাকার মানুষজন।

এবার কুনুরে একটি স্থায়ী সেতুর দাবিতে বিধানসভায় সরব হলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক  চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।  বিধানসভায়  বিধায়ক বলেন, "এবারেও বর্ষার জলে কুনুর নদীর ওপর অস্থায়ী সেতু ভেসে গিয়েছে। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই এলাকায় দ্রুত একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। এতে হাজার হাজার মানুষের যাতায়াতের সমস্যা দূর হবে এবং এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।"

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোন কাজই হয়নি। এবার সরকার বদল হয়েছে রাজ্যে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। অবশেষে এলাকার বিধায়ক সেতুর বিষয়টি বিধানসভায় তুলেছেন। এলাকাবালাসীর আশা এবার অন্তত কুনুরে স্থায়ী সেতু হবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement