সংবাদদাতা,সালানপুরঃ- ব্যক্তিগত ফাঁকা জমিতে সন্ধ্যার অন্ধকারে গোপনে মৃতদেহ সমাধিস্থ করার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো সালানপুর ব্লকের চিতলডাঙ্গায়। ঘটনাটির নেপথ্যে কোনো জমি দখলের অসাধু ছক নাকি বেআইনি মৃতদেহ সৎকারের বড় চক্র কাজ করছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতে সালানপুর বিডিও অফিস থেকে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কাছে পাঠানো এক রিপোর্টেই সামনে এসেছে এই বিস্ফোরক তথ্য।
প্রশাসন সূত্রের খবর, চিতলডাঙ্গার ৯২৩ নম্বর প্লটের ১.২২ একর জমিটি অনিল বেন্সলি ও অন্যান্যদের নামে নথিভুক্ত সম্পূর্ণ ‘রায়তি’ জমি, যা কোনো সরকারি কবরস্থান বা শ্মশান নয়। বিডিও, বিএলএলআরও এবং সালানপুর থানার যৌথ দল পরিদর্শনে গিয়ে নিশ্চিত করে যে, ওই জমিতে সম্প্রতি একটি মৃতদেহ পুঁতে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মুকেশ কুমারের অভিযোগ, "ব্যক্তিগত জমিতে অনুমতি ছাড়া কীভাবে দেহ পুঁতে রাখা হলো? সত্য সামনে আসার পরও প্রশাসন চুপ কেন?" এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক।
ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি- অবিলম্বে বেআইনিভাবে পুঁতে রাখা মৃতদেহটি তুলে নির্দিষ্ট শ্মশান বা কবরস্থানে স্থানান্তর করতে হবে, ব্যক্তিগত জমি দখলমুক্ত করতে হবে এবং অন্ধকারে এই কান্ড ঘটানো দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রশাসন শেষ পর্যন্ত কী আইনি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর চিতলডাঙ্গাবাসীর।