এই বাংলায় দক্ষিণ বাংলা

মানকর গ্রামীণ হাসপাতালে তাণ্ডব: গ্রেফতার ৬, কড়া পদক্ষেপ বুদবুদ থানার পুলিশের

By Eaibanglai - September 21, 2026
— Advertisement —
Advertisement
মানকর গ্রামীণ হাসপাতালে তাণ্ডব: গ্রেফতার ৬, কড়া পদক্ষেপ বুদবুদ থানার পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তাণ্ডব ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিল পুলিশ। গত শুক্রবার রাতে বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালে ব্যাপক ভাঙচুর এবং চিকিৎসক, নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে বুদবুদ থানার পুলিশ। আজ, সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো— ভরত আকুরে, সুমন বাউরি, দীপক বাউরি, অমিত বাউরি, রাহুল বাউরি এবং শংকর আকুরে। তারা সকলেই বুদবুদের মানকরের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ এবং সরকারি কাজে বাধা দান সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের চিহ্নিত ও গ্রেফতার করা হয়।

গত শুক্রবার রাতে মানকরের বাসিন্দা বুধন বাউড়ি (৫৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ বোধ করায় পরিবারের সাথে বাড়ি ফেরেন, কিন্তু তার এক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু হয়েছে— এই অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয় ও প্রতিবেশীরা লাঠি-সোটা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চড়াও হন। মূল্যবান সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি প্রাণভয়ে ঘরে আশ্রয় নেওয়া নার্স ও মহিলা কর্মীদের দরজা ভেঙে মারধর করা হয়। এই হামলার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে হাসপাতালের গেটে অবস্থান-বিক্ষোভে বসেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা।

বুদবুদ থানার পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তদন্ত জারি রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তাণ্ডবের সাথে যুক্ত বাকিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement