সংবাদদাতা,আসানসোলঃ- রাত পোহালেই দেশের ৮০-তম স্বাধীনতা দিবস। ১৫ আগস্টের এই ঐতিহাসিক উদযাপনে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক কার্যকলাপ না ঘটে, তার জন্য বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা চরম আঁটোসাঁটো করা হয়েছে। আজ, শুক্রবার সকাল থেকেই সেখানে শুরু হয়েছে পুলিশ প্রশাসনের কড়া নাকা তল্লাশি।
সীমান্ত পেরিয়ে ভিন্ন রাজ্য থেকে বাংলায় প্রবেশ করা সমস্ত যাত্রীবাহী বাস, চারচাকা গাড়ি এবং মোটরবাইক থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। কোনও ব্যক্তির গতিবিধি বা আচরণ সন্দেহজনক মনে হলেই তাঁর পরিচয়পত্র ও গাড়ির সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে তাঁরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন, সেই সমস্ত গন্তব্যের বিবরণও নথিভুক্ত করা হচ্ছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিনের তল্লাশি অভিযানে সশরীরে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়ার নেতৃত্ব দেন চৌরাঙ্গী ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক তরুণময় সিংহ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে এই সতর্কতামূলক নজরদারি চালানো হচ্ছে এবং উৎসব শেষ না হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা বজায় থাকবে।