সঙ্গীতা চৌধুরীঃ- গতকাল ২৯ শে মার্চ দীঘার তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হলেন রাহুল অরুণোদয় ব্যানার্জী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার করেগার আউটডোর শুটিং করবার জন্য তালসারিতে গিয়েছিল পুরো টিম। সেই সময় শুট করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর, তবে ময়না তদন্তের রিপোর্ট এলে পুরোটা জানা যাবে। কারণ ইতিমধ্যেই তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সহকর্মী, প্রোডাকশন হাউস থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের কথায় ভিন্ন ভিন্ন মত প্রকাশের জন্য রহস্য ঘোরালো হচ্ছে ক্রমশ।
রাহুল অরুণোদয় ব্যানার্জী ছোটপর্দার খেলা, তুমি আসবে বলে, দেশের মাটি, লালকুঠি ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে আজও তাঁকে সকলে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার পল্লবীর কৃষ্ণ হিসেবে চেনেন। এই ছবিটি এখনও জনমানসে এতটাই জনপ্রিয় যে এই ছবির পর আরও একাধিক ধারার ছবিতে অভিনয় করলেও চিরদিনই তুমি যে আমার অভিনীত তাঁর চরিত্রটি আজও অমলিন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। তাঁর এই অকাল মৃত্যুতে ইতিমধ্যেই তাঁর সহকর্মী থেকে শুরু করে নেট পাড়ার মানুষজন শোক প্রকাশ করেছেন। তাঁর সহকর্মীদের মধ্যে অনেকেই এই রহস্যমৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।
উল্লেখ্য ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির পিয়ারে গানের গায়ক জুবিনের মৃত্যু ও হয়েছিল সমুদ্রে আর অল্প কয়েক মাসের মধ্যে ছবির নায়কও সেই সমুদ্রেই মিলিয়ে গেলেন!



















