এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতা:- হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে কলকাতার এসএসকেএম হাসপাতালের ভিতরে। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে আচমকাই হাসপাতাল চত্বরে একটি গাছ ভেঙে পড়ে। সেই সময় সেখানে থাকা রাহিদা গাছের নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কী ভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
প্রসঙ্গত, কলকাতায় বর্ষা ও ঝোড়ো হাওয়ার সময় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। চলতি বছরের জুন মাসেও শহরে প্রবল হাওয়ার দাপটে একাধিক গাছ ভেঙে পড়েছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল এবং একাধিক মানুষ আহত হন।
তবে এসএসকেএম হাসপাতাল চত্বরে সোমবারের ঘটনায় গাছটি কী কারণে ভেঙে পড়ল, সেটি এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।