সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- টোটো চালকদের বেআইনি দাপট ও রুট অবমাননার প্রতিবাদে আসানসোলের বারাবনি-দোমোহনী রুটে মিনিবাস ধর্মঘট আজ, মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আকস্মিক মিনিবাস ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বারাবনি, দোমোহনী ও সংলগ্ন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীরা।
মিনিবাস মালিক ও চালকদের মূল অভিযোগ, সরকারি নিয়মনীতি ও নির্দিষ্ট রুটের তোয়াক্কা না করে টোটোগুলি প্রতিদিন অবৈধভাবে দোমোহনী বাজারের মূল স্ট্যান্ডে ঢুকে পড়ছে। টোটোর কারণে যাত্রী না-পেয়ে মুখ থুবড়ে পড়ছে মিনিবাসের ব্যবসা। তবে টোটোর চালকদের দাবি, তাঁরা কাউকে জোর করেন না। স্বেচ্ছায় লোকে টোটোতে ওঠেন।
এই দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটানোর লক্ষ্যে আজ দোমোহনী বাজারের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বাস চালক ও শ্রমিকদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন আসানসোল জেলা বিজেপি কনভেনার কাজল মণ্ডল। এই বৈঠকে বাস কর্মীরা তাঁদের একগুচ্ছ দাবিদাওয়া ও ক্ষোভের কথা বিজেপি নেতৃত্বের সামনে তুলে ধরেন।
বৈঠক শেষে বাস চালক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না প্রশাসন টোটোর রুট ও নিয়ম নির্দিষ্ট করে দিচ্ছে এবং সমস্যার সম্পূর্ণ নিস্পত্তি হচ্ছে, ততদিন এই রুটে কোনও মিনিবাস চলাচল করবে না। স্থায়ী সমাধান না মেলা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁরা অনড় রয়েছেন।
অন্যদিকে, টানা পাঁচ দিন ধরে বাস পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ থাকায় দোমোহনী রুটে যাতায়াতকারী স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রী ও সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানের ওপর নির্ভর করতে হচ্ছে। সাধারণ মানুষের দাবি, প্রশাসন অবিলম্বে হস্তক্ষোপ করে মিনিবাস ও টোটো বিতর্কের অবসান ঘটাক।