সঙ্গীতা চৌধুরীঃ- মানুষের জীবনের অধিকাংশ সমস্যা মিটে যায় যখন তার জীবনের সঙ্গে আধ্যাত্ম চেতনা মিলেমিশে এক হয়ে যায়। আধ্যাত্ম চেতনা এমন শুভ বোধ ,যা মানুষকে সমস্ত খারাপ থেকে দূরে রাখে, সমস্ত অন্ধকার থেকে দূরে রাখে। কিন্তু এই আধ্যাত্ম চেতনা কারণ এক দিনে আসে না। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, একজন মানুষ প্রথম দিকে যখন ধর্মের দিকে মন দিতে চায় তখন তার মন কিছুতেই জপে বসে না! এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই প্রশ্ন আপনার মনেও এসেছে!
একবার একজন ভক্ত স্বামী গৌতমানন্দ জী মহারাজকে বলে ছিলেন, মহারাজ, আমার মন একদম স্থির হয় না। জপে বসলেই নানান চিন্তা আসে। মহারাজ তখন মুচকি হেসে বললেন, ‘মন যদি প্রথম দিনেই স্থির হয়ে যেত, তাহলে তো সবাই পরমহংস হয়ে যেত! কাজ হলো—মন যতবার পালাবে, ততবার তাকে ঠাকুরের কাছে ফিরিয়ে আনবে। এটাই সাধনা।’
ভক্ত তখন বললেন, ‘তাহলে তো সারাদিন মনকেই ধরতে হবে!’
মহারাজ হেসে উত্তর দিলেন, ‘হ্যাঁ, মনকে ধরতে ধরতেই একদিন দেখবে, মনই আর পালাতে চাইছে না।’