সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার চতুর্থ দফায় আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এর আগে পশ্চিম বর্ধমান জেলার ৮টি বিধান সভা আসনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হলেও বাকি ছিল বারাবনি আসনটি। মঙ্গলবারের তালিকায় এই আসনে নাম ঘোষণা করা হয় বিজেপি যুব নেতা অরিজিৎ রায়ের।
এদিকে নাম ঘোষণার পরই আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের শীতলা এলাকায় বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, “আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে দল বারাবনি কেন্দ্র থেকে অরিজিৎ রায়কে টিকিট দিয়েছে।” বৈঠকে উপস্থিত প্রার্থী অরিজিৎ রায় প্রথমে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান, তার উপর আস্থা রাখার জন্য। পরে তিনি বলেন , “২০২১ সালের তুলনায় এবারের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বারাবনি বিধানসভা কেন্দ্রের মানুষ পরিবর্তন চান। আর তিনি আত্মবিশ্বাসী যে এবার সেই পরিবর্তন আসবেই।”
অন্যদিকে এদিন বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ঢাক বাজিয়ে, একে অপরের গায়ে গেরুয়া আবির মাখিয়ে এবং মিষ্টি বিতরণ করে দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
এই বারাবনি আসনটিতে আসামসোলের মেয়র তথা বিদায়ী বিধায়ক যেমন শাসক দলের হয়ে লড়ছেন, কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে জয়দেব রায়কে। এবার বিজেপির প্রার্থী হিসেবে বিজেপি যুব নেতা অরিজিৎ রায়ের নাম ঘোষণা হল।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনে। ইতিমধ্যে তৃণমূল সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। প্রথম দফায় যে আসনগুলিতে ভোট হবে, সেগুলির জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে।



















