সংবাদদাতা,আসানসোলঃ- মহিলাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদকে গ্রেপ্তারের দাবিতে আসানসোল উত্তর থানা ঘেরাও করল আদিবাসী সমাজ। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
প্রসঙ্গত,বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ কিছুদিন ধরে গ্রামে গ্রামে শীতবস্ত্র বিতরণ করছেন। সেই রকমই গত ১৯ তারিখ আসানসোলের শালডাঙ্গা গ্রামে শীতবস্ত্র প্ৰদান করতে গিয়েছিলেন। তখনই বেশ কিছু মানুষ তাকে গো ব্যাক স্লোগান দেয় এবং তার জেরে বিজেপি নেতা এলাকার মহিলাদের প্রতি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যার জেরে আসানসোল উত্তর থানায় বিজেপি নেতা ও তার দল বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অন্যদিকে এরপরই বিষয়টি নিয়ে সরব হন বিজেপি নেতা। গত শুক্রবার আসানসোলের শীতলায় বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “ঠান্ডার কারণে আমি বেশ কিছুদিন ধরে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করছি। গত ১৯ জানুয়ারি আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের শালডাঙ্গা এলাকায় কম্বল বিতরণের জন্য যাই। সেখানে সাঁওতাল, বাউরি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা থাকেন। স্থানীয় বাসিন্দারা কোনও সমস্যা ছাড়াই কম্বল পাচ্ছিলেন। সেই সময় মনোজিত হেমব্রম নামে একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক এসে “গো ব্যাক কৃষ্ণা প্রসাদ” বলে চিৎকার করতে শুরু করেন। সে আমার সামাজিক কাজের বিরোধিতা করেন। তখন আমি তাকে স্পষ্ট করে বলি, ১৩ নম্বর ওয়ার্ডে কোনও রাজনৈতিক কার্যকলাপে জড়িত হতে আসিনি। এটা সম্পূর্ণরূপে একটি সমাজসেবামূলক কর্মসূচি। পুলিশ এই মামলায় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে আটক করেছে। কারণ ওই ব্যক্তি সেদিন আমাদের সাথে ছিলেন। যা সম্পূর্ণ অন্যায়।”
এবার তার গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি করল আদিবাসী সমাজ। যদিও অভিযুক্ত বিজেপি নেতার দাবি পুরো বিষয়টি সাজানো। তিনি যখন বিজেপি করতেন না তখনও গরীব মানুষের জন্য সেবামূলক কাজ করতেন। এই ঘটনাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।



















