সংবাদদাতা,আসানসোলঃ- প্রশাসনের নাকের ডগায় বিনানুমতিতে বারাবনির গোরান্ডি এলাকার কাসকুলিতে চলছে অবৈধ পাথর খাদান। সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে। ক্রাশার দিয়ে পাথর ভাঙার শব্দে এলাকায় ছড়াচ্ছে শব্দ দূষণ। ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়ছে। খনি সম্প্রসারণের জন্য কেটে ফেলা হচ্ছে সবুজ গাছ। আদিবাসী সমাজের জল, জঙ্গল ও জমি আজ মারাত্মক বিপদের মুখে। এলাকার মানুষ শ্বাসকষ্ট সহ নানান সমস্যায় ভুগছেন।
এলাকার অবৈধ পাথর খাদান বন্ধ করার দাবিতে কিছুদিন আগেই আদিবাসী সমাজের ‘ভারত জাকাত মাঝি পারগানা’ পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভিযোগ, অবৈধ পাথর খনির বিরুদ্ধে প্রতিবাদ করলেই আদিবাসী সমাজের মানুষদের পুলিশ ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এবার বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আদিবাসী সমাজ।
এখন দেখার আদিবাসী সমাজের অভিযোগকে গুরুত্ব দিয়ে খাদানগুলি বন্ধের জন্য প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নেয় কিনা।


















