সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার দক্ষিণ বনবিভাগের উদ্যোগে মুকুটমণিপুর জলাধারে সম্পূর্ণ হলো ‘পক্ষী গণনা’। ‘উইংস’ নামক একটি পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার সাথে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছিল বনবিভাগ। জল জঙ্গল আর পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মুকুটমনিপুর জলাধারে ফি বছর অসংখ্য পরিযায়ী পাখি শীতকালে আস্তানা বাঁধে।
পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার তরফে গবেষক ডঃ অর্কজ্যেতি মুখোপাধ্যায় এই গণনা বিষয়ে জানান, কিছু নতুন প্রজাতির পরিযায়ী পাখি যেমন দেখতে পাওয়া গেল,তেমনি অনেক প্রজাতিকে দেখতে পাওয়া গেলও না। বর্তমানে জলাধারে সবচাইতে বেশি ‘ছোট সরাল’ পাখির দেখা মিলেছে যার সংখ্যা প্রায় ২০০০।
প্রসঙ্গত একটা সময় ছিল যখন আরও বেশী অসংখ্য বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এই জলাধারে শীতকালীন সময়ে বাসা বাঁধতো। কিন্তু বর্তমান পরিযায়ী পাখি সংখ্যা এবং প্রজাতি অনেকটাই কমে গেছে। এর কারণ হিসেবে দূষণকেই দাবি করেছে পাখি গবেষণা সংস্থা। তাদের মতে প্লাস্টিক দূষণ,বেশি পরিমাণ বোট চলাচল,ফিশিং নেটের ব্যবহারই মূল কারণ।


















