নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডাম্পার চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কুটি আরোহী দম্পতি ও তাদের দুই সন্তান। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সিটিসেন্টারে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
জানা গেছে বাঁকুড়ার মালিয়ারা থেকে ছাই বোঝাই করে জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের হরিপুরে যাচ্ছিল একটি ডাম্পার। সিটিসেন্টারে পিয়ালা কালী বাড়ির কাছে হঠাৎই একটি স্কুটি হঠাৎ ডাম্পারের সামনে চলে আসে। স্কুটিটিকে বাঁচাতে ডাম্পার চালক ডিভাইডারের ব্যারিকেড ভেঙে ডিভাইডারের উপর ডাম্পারটি তুলে দেন । ফলে অল্পের জন্য রক্ষা পান স্কুটিতে থাকা দুই শিশু সহ এক দম্পতি।
প্রত্যক্ষদর্শীরা জানান আসানসোলগামী ওই স্কুটিটির আচমকাই টায়ার পাংচার হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডাম্পারের একেবারে সামনে গিয়ে পড়ে। প্রত্যদর্শীদের দাবি ডাম্পারটির গতি নিয়ন্ত্রিত থাকায় চালক দুঃসাহসিকভাবে সেটি ডিভাইডারের উপর তুলে দিতে পেরেছেন। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেত পারতো।
অন্যদিকে এই দুর্ঘটনায় সামান্য আঘাত পেলেও বড় কোন ক্ষতি হয়নি স্কুটিতে থাকা পরিবারটির। দুর্গাপুর ও মুচিপাড়া ট্রাফিক গার্ডের তৎপরতায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ডাম্পার চালকও সম্পূর্ণভাবে অক্ষত রয়েছেন।


















