সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অদ্ভুদ বাঁকানো শাবল দিয়ে তালা দরজা ভেঙে , রানিগঞ্জের একের পর এক বাড়িতে চুরি করে পালাতো চোরের দল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ এবং রাতভর অভিযান চালিয়ে অবশেষে বাঁকুড়া থেকে তিন সদস্যের ওই চোরের দলকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। উদ্ধার বহু চুরি যাওয়া সামগ্রী ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি।
প্রসঙ্গত গত কয়েক মাসে রানিগঞ্জে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে গত মঙ্গলবার পুলিশ জানতে পারে একটি চোরের দল আবার রানিগঞ্জ এলাকায় চুরির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। সিসিটিভির ফুটেজ দেখে সক্রিয় হয় পুলিশ এবং চোরের দলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে রাতভর তল্লাশি চালায় পুলিশ এবং জানতে পারে অন্ডালের একটি মাল গাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে দুষ্কৃতী দলটি। কিন্তু পুলিশ সেখানে পৌঁছনোর আগেই চম্পট দেয় ওই দুষ্কৃতকারীরা। অবশেষে তিনজনকে বাঁকুড়ার কেঠার ডাঙ্গা এলাকার আশ্রমপাড়া থেকে পাকড়াও করে পুলিশ। ধৃত শামীম মন্ডল, তাজ মহম্মদ ও রফিক খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে বেশ কিছু তথ্য পুলিশের হাতে আসে এবং সেই সূত্র ধরে তল্লাশি চালিয়ে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়। যার মধ্যে রয়েছে প্রায় ৫০০ গ্রামের মতো রুপো ও ৫০ গ্রামের মতো সোনার গয়না ও নগদ প্রায় ৫০ হাজার টাকা। এই চোরাই সামগ্রী রানিগঞ্জের গীর্জা পাড়ার চাঁদমারি ডাঙ্গা ও হলুদ ফ্যাক্টরি এলাকার দুটি বাড়ি থেকে চুরি করা হয়েছে বলে জানতে পারে পুলিশ।
এর পাশাপাশি উদ্ধার হয় চুরির জন্য ব্যবহৃত যন্ত্রপাতি। তার মধ্যে পাওয়া যায় অদ্ভুত ধরনের দুটি ব্যাঁকানো শাবল। পুলিশের দাবি এই ব্যাঁকানো শাবল দিয়েই চোরের দল অনায়াসে তালা থেকে লোহা ও কাঠের দরজা ও জানালা ভেঙে ফেলতো ।


















