সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- দুর্গাপুরে বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ বিজেপির জেলা কমিটির সভাপতির। সোশ্যাল মিডিয়ায় বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করে সরব হয়েছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের মুখে।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে নাম না করে একটি পোস্ট করে লেখেন “দুর্গাপুরের এক প্রভাবশালী নেতা যিনি আইপ্যাকের এজেন্ট ওনার বিরুদ্ধে সমালোচনা হলেই উনি তাকে তৃণমূলের লোক বলে দিচ্ছেন আসলে তৃণমূল ও আইপ্যাকের লোক উনি নিজে।”
এমনকি ২০২৬ র নির্বাচনে তাকে প্রার্থী করা হলে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারিও দেন তিনি। তার দাবি, দলের আপাদমস্তক দূর্নীতিতে ডুবে রয়েছে। তিনি বলেন, “আমরা একদিকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কয়লা ও বালি কারবারিদের যোগসাজশের কথা বলছি। আর অন্যদিকে দুর্গাপুরে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কেউ এলে বিধায়ক কয়লা ও বালি কারবারিকে নিয়ে চলে যাচ্ছেন। কেন বিধায়ক এটা করেন, তা সবাই জানেন।”
যদিও পদ্ম বিধায়ক এ বিষয়ে মুখ খোলেননি বা কোন প্রতিক্রিয়া দিতে চাননি। অন্যদিকে এই ঘটনায় বেশ কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। রাজ্য নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে বলে দাবি তাদের। তবে নেতৃত্বের একাংশের পাল্টা অভিযোগ , এর পেছনে অন্য রাজনৈতিক দলের যোগ রয়েছে।
এদিকে, পদ্ম শিবিরের এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি শাসক তৃণমূল। তাদের দাবি ভবিষ্যতে এই গোষ্ঠীকোন্দল আরও বাইরে আসবে। আসন্ন ভোটে মানুষ এর জবাব দেবে।


















