নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবার সংবাদ শিরোনামে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার ওই মেডিক্যাল কলেজের বয়েজ হস্টেল থেকে উদ্ধার হল দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রের দেহ। মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ। তাঁর বয়স ২২ বছর। শনিবার মধ্যরাতে হস্টেলের শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রকে দেখতে পান তার সহপাঠীরা।
খবর পেয়ে রাতেই কলেজে পৌঁছয় দুর্গাপুর থানার অধীন বি-জোন ফাঁড়ির পুলিশ। প্রাথমিক তদন্তের পরে দেহ উদ্ধার করা হয় এবং তা হাসপাতালের মর্গেই রাখা হয়। আত্মহত্যা, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে, তার উত্তর খুঁজছে পুলিশ। ছাত্রের পরিবারের লোকজন এলে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে মূলত বিহারের পাটনার বাসিন্দা লাবণ্য। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তিনি ভর্তি হয়েছিলেন এই কলেজে। ব্যক্তিগত জীবন বা পড়াশোনা নিয়ে ওই ছাত্র চাপে ছিলেন কি না, পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে ইতিমধ্যে মৃতের সহপাঠীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই ডাক্তারি পড়ুয়া সেমেস্টারে একটি বিষয়ে পাশ করতে পারেননি। সেই কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা ঘটনা প্রসঙ্গে জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ পুর ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে চায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য গত বছর ১০ অক্টোবর এই কলেজেরই দ্বিতীয় বর্ষের এক মেডিক্যাল ছাত্রী রাতে বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছিলেন। যা নিয়ে তোলপার পড়ে যায় রাজ্য তথা দেশজুড়ে।


















