eaibanglai
Homeএই বাংলায়তিন দিনে ১২টি অবৈধ রেল পারাপারের পথ সিল রেলের

তিন দিনে ১২টি অবৈধ রেল পারাপারের পথ সিল রেলের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সচেতনতা প্রচার সত্ত্বেও রেল পারাপারের সময় দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার রেল চালাচলে নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নিল পূর্ব রেল। মাত্র তিন দিনে জোনের ১২টি অবৈধ রেল পারাপারের পথ সিল করল পূর্ব রেল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেল সর্বদা তার যাত্রী এবং রেললাইনের পার্শ্ববর্তী বাসিন্দাদের একটি বর্ধিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। তাঁদের মঙ্গল নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে ঝুঁকিপূর্ণ বা দুর্বল স্থানগুলো চিহ্নিত করার কাজ করে যাচ্ছে। গত তিন দিনে এই কর্মসূচিতে মোট ১২টি উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থান বা পথ স্থায়ীভাবে সিল করা হয়েছে। সবচেয়ে বেশি এই কাজ হয়েছে সীতারামপুর – জসিডি সেকশনে (৫টি স্থান)। একইভাবে সিল করা হয়েছে দেওঘর – দুমকা (৩টি স্থান) এবং জসিডি – ঝাঁঝা (৩টি স্থান) সেকশন। এছাড়াও, মধুপুর – গিরিডি সেকশানে ১টি গুরুত্বপূর্ণ স্থানও স্থায়ীভাবে সিল করা হয়েছে।

প্রসঙ্গত, রেললাইনে অনুপ্রবেশ বা অবৈধ পারাপার আজও রেল নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ও প্রাণহানির একটি অন্যতম কারণ। সাধারণত জরুরি ব্রেক কষার পরেও একটি লোকোমোটিভ সম্পূর্ণ থামতে কয়েকশো মিটার পথ অতিক্রম করে। ফলে অবৈধ রেল পারাপারের ক্ষেত্রে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় কয়েক মুহুর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। অবৈধভাবে রেললাইন পারাপারকারী পথচারীরা তা ঠাহর করতে পারেন না। ফলে চলে যায় মূল্যবান জীবন।

রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে পূর্ব রেল প্রতিটি বিপদজনক অঞ্চল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু রেল মনে করে নিরাপত্তা একটি সম্মিলিত দায়িত্ব। সাধারণ যাত্রীদের এই বিষয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি তবেই এই অপ্রত্যাশিত দুর্ঘটনা রোখা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments