নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কেন্দ্রীয় রসায়ন ও পেট্রো রসায়ন বিভাগের এইচআইএল সংস্থার উদ্যোগে বুদবুদ কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। যেখানে জমিতে কীটনাশক ছড়ানোর সময় নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। এছাড়ায় কর্মশালায় উপস্থিত কৃষকদের মধ্যে কিটনাশক ছড়ানোর প্রোটেকশন কিটসও প্রদান করা হয়।
বুদবুদের দেবী প্রেক্ষাগৃহে এই সচেতনতা কর্মশালায় উপস্থিত ছিলেন প্রায় ৩০০ জন কৃষক। এছাড়াও উপস্থিত ছিলেন এইচআইএল সংস্থা সহকারি জেনারেল ম্যানেজার তথা কৃষি বিজ্ঞানী পার্থ প্রতিম প্রধান, কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ আজিজুর রহমান, ডঃ সুব্রত সরকার, বিনোদ কুমার প্রমুখ।
মূলত ধান, আলু ও সব্জি চাষে রোগ পোকার সংক্রামক থেকে ফসলকে সুরক্ষিত রাখতে কীটনাশক প্রয়োগ করা হয়। এদিনের কর্মশালায় কোন ওষুধ কোন ফসলের জন্য ব্যবহার করতে হবে সে বিষয়েও কৃষকদের অবহিত করা হয়। পাশাপাশি কিটনাশক ছড়ানোর সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হয় সে বিষয়েও বিশেষভাবে সচেতন করা হয়।
এদিন কৃষি বিজ্ঞানী পার্থ প্রতিম প্রধান বলেন,” সঠিক উপায়ে পরিমিত মাত্রায় কিটনাশক ছড়ানো দরকার। এবং যেকোন কিটনাশক ছড়ানোর সময় অবশ্যই চাষীকে মাথায় টুপি, মুখে মাস্ক, চোখে সাদা চশমা, শরীরে অ্যাব্রন পরা উচিত। যাতে নিজের শরীরে ওই কিটনাশক থেকে সুরক্ষিত রাখা যায়।”
কর্মশালায় উপস্থিত কৃষকরা বিশেষজ্ঞদের থেকে পরামর্শ পেয়ে খুশি প্রকাশ করেন এবং আগামী দিনে এই ধরণের আরও কর্মশালা আয়োজনের আবেদন জানান।


















