সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে তারকা প্রচার। সমস্ত রাজনৈতিক দলগুলির প্রার্থীর সমর্থনে শহরে গ্রামে গঞ্জে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সোমবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং-এর সমর্থনে প্রচার করলেন বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় তথা তারকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এদিন জামুড়িয়ার কেন্দা পুলিশ ফাঁড়ি মাঠে তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত হয়ে প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানান তিনি।
প্রিয় অভিনেত্রীকে দেখতে এদিনের সভায় তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন। অন্যদিকে অভিনেত্রীর বক্তব্য ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রচারে এসে অভিনেত্রী নিজের সিনেমার প্রচার করেন।
এদিন মঞ্চ থেকে ঐন্দ্রিলাকে বলতে শোনা যায়, “আপনারা হরেরাম সিং-কে ভোট দিয়ে জয়ী করবেন, তবে পাশাপাশি আমাদের নতুন যে সিনেমাগুলো আসছে সেগুলোও অবশ্যই দেখবেন। কারণ দর্শকরাই আমাদের সবকিছু।” শুধু তাই নয়, তিনি মঞ্চেই তৃণমূল প্রার্থী হরেরাম সিং-কে তাঁর সিনেমা দেখার আবেদন জানান। জবাবে হরেরাম সিং হাসিমুখে সেই অনুরোধ মেনেও নেন।


















