eaibanglai
Homeএই বাংলায়স্কুল ফাঁকি দিয়ে মাইথনে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র,...

স্কুল ফাঁকি দিয়ে মাইথনে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র, বন্ধুর আচরণে ক্ষোভ​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, মাইথন -: স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মাইথন জলাধারে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র প্রিন্স কুমার। প্রিন্স আসানসোলের ডিএভি পাবলিক স্কুলের ছাত্র। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনার পর থেকে তার আর কোনো হদিস মেলেনি। নিখোঁজ ছাত্রের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে প্রিন্স তার সাত সহপাঠীর সঙ্গে অটো ভাড়া করে মাইথনের ফায়ারিং রেঞ্জ ও আনন্দ দ্বীপের মাঝের একটি ঘাটে যায়। সেখানে স্নান করতে নেমে সে গভীর জলে তলিয়ে যায়। বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। আতঙ্কিত হয়ে তারা বিষয়টি কাউকে না জানিয়ে আসানসোলে ফিরে আসে এবং প্রিন্সের স্কুলের ব্যাগ একটি জঙ্গলে ফেলে দেয়।

​ বিকেলে প্রিন্স বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে জানতে পারেন, সে স্কুলে যায়নি। এরপর আসানসোল নর্থ থানায় অভিযোগ জানানো হলে পুলিশ বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে নৌকা চালকদের সহায়তায় তল্লাশি শুরু করে। জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ছাত্রের ব্যাগ। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রিন্সের খোঁজ না মেলায় শোকের পাশাপাশি বন্ধুদের এই লুকোচুরির ঘটনায় পরিবারের সদস্যরা ক্ষুব্ধ ও মর্মাহত। উদ্ধারকাজ জারি রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বহু নৌকা চালক ও স্থানীয় দের প্রচেষ্টার পর অবশেষে প্রিন্স কুমারের মাইথন জলাধার থেকে মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments