এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ কে। সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, পূর্ত দপ্তরের সচিব, কলকাতা পুরসভার কমিশনার, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের সচিব এবং ড. বিষ্ণুপদ দত্ত। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার এক প্রতিনিধি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ঐতিহাসিক, সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং জনস্বার্থের বিষয়গুলি বিবেচনায় রেখে স্বচ্ছ ও সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এই ধরনের প্রস্তাব খতিয়ে দেখতেই কমিটি গঠন করা হয়েছে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং অন্যান্য অনুমোদিত সংস্থার পাঠানো রাস্তা, সড়ক, গলি, সেতু, জনপরিসর ও অন্যান্য সরকারি সম্পদের নামকরণ বা নাম পরিবর্তনের প্রস্তাব এই কমিটি পরীক্ষা করবে। পাশাপাশি প্রস্তাবিত নামের ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যগত গুরুত্ব, জনস্বার্থ, বিশিষ্ট ব্যক্তিত্ব বা ঐতিহাসিক ঘটনার সঙ্গে তার সম্পর্কও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ঐতিহাসিক নাম পুনর্বহালের প্রস্তাবও বিবেচনা করা হবে।