সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের কাঁকসায় । মৃত যুবকের নাম বিশ্ব দে (২১)। তিনি কাঁকসার বিরুডিহার ক্যানেলপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তবে এই মৃত্যুকে কোনোভাবেই সাধারণ ঘটনা বলে মেনে নিতে পারছেন না মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, বিশ্বকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মহালয়ার দিন মালদার এক ঠিকাদারের মাধ্যমে ওয়েল্ডিংয়ের কাজের উদ্দেশ্যে মুম্বই পাড়ি দিয়েছিলেন বিশ্ব। কিন্তু গত ২৫ অক্টোবর মুম্বই পুলিশের পক্ষ থেকে কাঁকসায় তাঁর পরিবারের সদস্যদের ফোন করে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। এই খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন । তাঁদের অভিযোগ, ঠিকাদারের কাছ থেকে ঘটনার বিষয়ে কোনও স্পষ্ট উত্তর তো মেলেইনি, উল্টে পরবর্তীতে তিনি ফোন ধরা সম্পূর্ণ বন্ধ করে দেন। ঠিকাদারের এই আচরণ এবং মৃত্যুর আকস্মিকতায় পরিবারের সন্দেহ আরও দৃঢ় হয়েছে। সুবিচারের আশায় ইতিমধ্যেই কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
অন্যদিকে, বিশ্ব অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দিন আনা, দিন খাওয়া এই পরিবারের কাছে এখন সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে কীভাবে ছেলের মৃতদেহ মুম্বই থেকে বাড়িতে ফিরিয়ে আনা হবে। আর্থিক অনটনের কারণে পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে সরকারি উদ্যোগে দ্রুত মৃতদেহ কাঁকসার বিরুডিহার বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য আবেদন জানানো হয় ।
বিষয়টি জানার পরই অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খবর পাওয়ার পরই মৃতদেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি । একইসঙ্গে তিনি জানান, প্রশাসন সমস্ত রকমভাবে এই পরিবারের পাশে দাঁড়াবে।