সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অন্ডাল থানার অন্তর্গত শিদুলির চাতরা বাগ এলাকায় ভয়াবহ ধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ ধস নামায় স্থানীয় বাসিন্দা রমা ভূঁইয়ার সম্পূর্ণ বাড়িটি মাটির নিচে তলিয়ে যায়। বাড়ির ভেতরে থাকা টিভি, খাটসহ সমস্ত আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রীও মাটির গর্ভে চলে গিয়েছে। তবে সৌভাগ্যবশত, ঘটনার সময় পরিবারের সকল সদস্য দ্রুত বাইরে বেরিয়ে আসায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান স্থানীয় বাসিন্দা রাজু রামসহ এলাকার অন্যান্য মানুষজন। রাজু রাম জানান, রমা ভূঁইয়া তাঁর পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করতেন। হঠাৎ ধস নামার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর অভিযোগ, খনি অঞ্চলে সঠিকভাবে বালির প্যাকিং না করার কারণেই এই ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে।
আচমকা এই বিপর্যয়ের ফলে সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে রমা ভূঁইয়ার পরিবার। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই নিয়ে চরম সংকটের মুখে পড়েছেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনার পর থেকে গোটা চাতরা বাগ এলাকায় তীব্র আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।