সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- অন্ডালের সিদুলিতে জমি ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করলেন ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) সিএমডি সতীশ ঝা। এদিন মাটির নিচে কোনও ধরনের অস্থিরতা বা কম্পন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সিদুলির ছয়টি পৃথক স্থানে ব্লাস্টিংয়ের মাধ্যমে মাটির কম্পন পরীক্ষা করা হয়। ধসপ্রবণ এলাকার বর্তমান পরিস্থিতি এবং মাটির নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই এই বিশেষ পরীক্ষা চালানো হয়েছে।
ইসিএল সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় ছয়টি স্থানের কোনওটিতেই বড় কোনও কম্পন রেকর্ড করা হয়নি। তবে সিএল জামবাদ ভিউ পয়েন্টে ০.৬ পয়েন্টের সামান্য কম্পন অনুভূত হয়েছে।
পরিদর্শন শেষে ইসিএলের সিএমডি সতীশ ঝা জানান, ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করা হবে। তাঁর এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে। এখন কবে থেকে পুনর্বাসনের কাজ শুরু হয় এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।