সংবাদদাতা,আসানসোলঃ- সাইবার প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্ত এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে গুলির মুখে পড়ল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের গুরুনানক পল্লী এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল প্রতাপ দাস ওরফে প্যাও। তারপর থেকেই কার্যত গায়েব ছিল সে। হীরাপুর থানার ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার একটি ভাড়া বাড়িতে থাকে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবারই ওই বাড়িতে প্রতাপ ফেরে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই সূত্রেই পুলিশ এদিন অভিযান চলাও ওই এলাকায়। কিন্তু প্রতাপ পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও এই গুলিকাণ্ডে কেউ জখম হয়নি।
অন্যিদকে দুষ্কৃতীর গুলি চালানোর এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আহত হওয়ার কোনো খবর মেলেনি।
ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ যৌথভাবে আশপাশের এলাকায় জোরদার তল্লাশি ও নজরদারি শুরু করেছে।