সংবাদদাতা,আসানসোলঃ- সম্প্রতি বিজেপির বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, "বিজেপির কোনো শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই"। এদিকে তার পরেও বিজেপির সমভাবাপন্না ও দলের কর্মী সমর্থকদের নিয়ে গঠিত নানা শ্রমিক সংগঠনের কর্মসূচি সামনে আসছে। যা নিয়ে বিতর্ক দানা বেধেছে। চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপির শ্রমিক নেতা অর্ণব চ্যাটার্জি।
অর্ণববাবু এদিন বলেন , “শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যে কথাটা বলেছেন, সেটা সঠিক কথাই বলেছেন। ভারতবর্ষের সংবিধানে ১৯২৬ সালে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট তৈরি হয়েছিল। তখন কোনও রাজনৈতিক দল তৈরি হয়নি, দেশ স্বাধীন হয়নি, দেশের সংবিধানও লেখা হয়নি। তখন থেকেই ট্রেড ইউনিয়ন অ্যাক্ট তৈরি হয়েছিল। অর্থাৎ কোনও রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন হয় না। তেমনই ভারতীয় জনতা পার্টির কোনও ট্রেড ইউনিয়ন নেই।”
তবে তিনি দাবি করেন, বিজেপির কর্মী হিসেবে শ্রমিকদের এক ছাতার তলায় আনার লক্ষ্যেই তাঁরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের কাজ করে আসছেন। তাঁর কথায়, “আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা কার্যকর্তারা শ্রমিককে একটা ছাতার তলায় আনার জন্য ২০০৯ সাল থেকে, যাতে পশ্চিমবাংলায় বিজেপি সরকার হয়, তার জন্য শ্রমিক সংগঠন করতাম। শ্রমিকদের যারা শোষণ করছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করে পশ্চিমবাংলায় সরকার গঠনের লক্ষ্য ছিল। আমরা বিজেপিকে সমর্থন করি, কারণ আমরা প্রত্যেকে বিজেপির কার্যকর্তা। ট্রেড ইউনিয়ন করি বিজেপির কার্যকর্তা হিসেবে।” শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের লক্ষ্য এবং সেই কারণেই ২০০৯ সাল থেকে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে ভারতীয় জনতা মজদুর সেলের কার্যক্রম চলছে বলে দাবি করেন তিনি।
সবমিলিয়ে বিজেপি দলের নিজস্ব ট্রেড ইউনিয়ন নেই, তবে বিজেপি সমর্থক শ্রমিকদের সংগঠিত করার জন্য ভারতীয় জনতা মজদুর সেলের কার্যক্রম বলেই এদিন অর্ণববাবুর বক্তব্যে উঠে আসে।