সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের এক নামকরা বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ালো। ঘটনার পর থেকেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রোগীর মৃত্যুর পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে চরম অসন্তোষ তৈরি হয়। চিকিৎসায় গাফিলতিসহ একাধিক বিষয়ে অভিযোগ জানাতে এবং স্পষ্ট কারণ জানতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন পরিবারের লোকেরা। কিন্তু অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো দায়িত্বশীল আধিকারিক মৃতের পরিজনদের সাথে কোনো রকম কথোপকথন বা যোগাযোগ করেননি।
কর্তৃপক্ষের এই চরম উদাসীনতা ও রহস্যজনক নীরবতার কারণেই ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ পরিজন ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের পারদ আরও চড়ে যায়। হাসপাতাল চত্বরেই শুরু হয় তীব্র বিক্ষোভ, যা দ্রুত উত্তেজনার রূপ নেয়।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনার খবর পেয়েই দ্রুত পুলিশ বাহিনী পৌঁছায় হাসপাতাল চত্বরে। উত্তেজিত জনতাকে বুঝিয়ে এবং কড়া পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
তবে এই পুরো ঘটনা এবং পরিবারের তোলা ক্ষোভ-অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।