সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রানীগঞ্জ রেল স্টেশনের মালগুদাম এলাকায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। মালগুদামের রেলওয়ে সাইডিংয়ে মাল লোডিংয়ের কাজ চলাকালীন একটি অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ বছর বয়সি এক শ্রমিকের। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম উখড়া গোয়ালা। তিনি রানীগঞ্জের কুমারবাজার রাজয়ারপাড়ার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র ২৮ বছর বয়সি ওই যুবকের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে অকালে হারিয়ে এখন চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মুখে পড়েছে পুরো পরিবারটি।
শনিবার ঘটনার ঠিক পরই উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে সরব হন মৃতের পরিবার পরিজনেরা। ঘটনার জেরে রেলওয়ে সাইডিং এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং মাল লোডিংয়ের কাজ সাময়িক ব্যাহত হয়।
পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে পুলিশের বিশাল বাহিনী এবং রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, উপযুক্ত আর্থিক পুনর্বাসনের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন মৃতের স্বজনরা।