এই বাংলায় দক্ষিণ বাংলা

চালানে গন্তব্য পুরুলিয়া, অথচ বালি নামছে আসানসোলে! আটক ট্রাক্টর ঘিরে বিক্ষোভ বিজেপির

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
চালানে গন্তব্য পুরুলিয়া, অথচ বালি নামছে আসানসোলে! আটক ট্রাক্টর ঘিরে বিক্ষোভ বিজেপির

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চালানে গন্তব্যস্থল লেখা রয়েছে পুরুলিয়া, অথচ সেই বালি খালাস হতে চলেছে আসানসোলে! এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র উত্তেজনা ছড়াল আসানসোলের ডামরায় বজরংবলী মন্দির সংলগ্ন এলাকায়। বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরে পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দফতরের (BLRO) আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিরাটের মলয় পাঁজার বালিঘাট থেকে বালি বোঝাই করে বেশ কয়েকটি ট্রাক্টর আসানসোলের দিকে আসছিল। ডামরা এলাকায় বিজেপি মণ্ডল-৩-এর স্থানীয় নেতারা ট্রাক্টরগুলি আটকে চালান পরীক্ষা করতে চান। ট্রাক্টর মালিকরা বৈধ চালান দেখালেও, তাতে গন্তব্য হিসেবে ‘পুরুলিয়া’ লেখা থাকায় বিতর্কের সূত্রপাত হয়।

বিজেপি নেতাদের প্রশ্ন, চালানে পুরুলিয়ার উল্লেখ থাকা সত্ত্বেও গাড়িগুলি আসানসোলে ঢুকছে কেন? পাশাপাশি তাঁদের অভিযোগ, ট্রাক্টরগুলি গ্রামের ভিতরের যে রাস্তা দিয়ে যাতায়াত করছে, তার পাশেই স্কুল ও ঘন জনবসতি রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের দাবি, অবিলম্বে ওই রাস্তা দিয়ে বালি পরিবহণ বন্ধ করে বিকল্প পথ ব্যবহার করতে হবে। 

অন্যদিকে, ট্রাক্টর চালক ও মালিকদের দাবি, বৈধ চালান থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাঁদের গাড়ি আটকানো হচ্ছে। আসানসোলেই বালি নামানোর কথা থাকায় ওই রাস্তা ধরেন বলে জানান চালকরা।

এই নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাধে এবং রাস্তায় বালি বোঝাই ট্রাক্টরের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিএলআরও দফতরের আধিকারিকরা। চালান খতিয়ে দেখে আধিকারিকরাও প্রশ্ন তোলেন, পুরুলিয়ার চালানে আসানসোলে বালি খালাস করা হচ্ছে কেন?

বিএলআরও আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, আসানসোলে বালি নামাতে হলে নিয়ম মেনে চালানেও আসানসোলের উল্লেখ থাকতে হবে। বিষয়টির নিষ্পত্তির জন্য দুই পক্ষকেই বিএলআরও দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, রাস্তা দিয়ে বালি পরিবহণ নিয়ে কোনও আপত্তি থাকলে স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন আধিকারিকরা। প্রশাসনিক আশ্বাসের পর দীর্ঘক্ষণের উত্তেজনা প্রশমিত হয়।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement