eaibanglai
Homeএই বাংলায়ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু,পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

ট্রাক্টরের ধাক্কায় পথচারীর মৃত্যু,পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পথ দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলের বারাবনির পাঁচগাছিয়া এলাকায়। জানা গেছে মৃত পথচারীর নাম ধীরেন ঘোষ। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং মৃতের পরিবারের জন্য় ক্ষতিপূরণের দাবি জানায়।

স্থানীয়দের অভিযোগ নুনী মোড় এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে ট্রাক্টর ও ডাম্পার চলাচল করে। এর ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পুলিশের মদতেই এলাকায় নিয়মভঙ্গ করে ভারী যানবাহন চলাচল করছে। প্রশাসনের উদাসীনতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। তারা স্পষ্ট জানান, সংশ্লিষ্ট ট্রাক্টর বা ডাম্পারের মালিককে অবিলম্বে ঘটনাস্থলে হাজির হতে হবে এবং মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তি প্রাণ হারালেও অভিযুক্ত গাড়ির মালিক বা চালকের কোনও হদিশ পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয়দের পথ অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এদিন বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা পাঁচগাছিয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments