eaibanglai
Homeএই বাংলায়লক্ষাধিক টাকার গয়না ফেরত দিয়ে সততার নজির গ্যারাজ কর্মীর

লক্ষাধিক টাকার গয়না ফেরত দিয়ে সততার নজির গ্যারাজ কর্মীর

সংবাদদাতা,আসানসোলঃ- বর্তমান সময়ে সততা যখন শুধুমাত্রই একটি শব্দ পরিণত হয়েছে, সৎ মানুষ আর সততার নজির মেলা ভার,তখন কয়েক লক্ষ টাকার সোনার গয়না ফিরেয়ে দিয়ে নজির গড়লেন এক গ্যারাজ কর্মী। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের।

অন্ডাল মোড়ের একটি মোটরবাইক গ্যারেজে কর্মরত মোহাম্মদ শাহবাজ (মহসিম আনসারী নামে পরিচিত)। বুধবার সকালে একটি গাড়ির ট্রায়াল দিতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তার উপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। সঙ্গে থাকা এক সহকর্মীকে নিয়ে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং সঙ্গে সঙ্গেই ট্রাফিক বিভাগের এক কর্মকর্তাকে ফোনে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থলিটি উদ্ধার করে অন্ডাল থানায় নিয়ে যায়। পরে জানা যায়, থলিটির মধ্যে ছিল সোনার গয়না ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি রয়েছে।

প্রসঙ্গত, এদিন সাকলে অন্ডালের কাজড়া এলাকার বাসিন্দা গৌতম মুখার্জি ওই ব্যাগটি নিয়ে বাইকে করে গোপালমাঠ ছেলের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে যায়। ওই ব্যাগে গুরুত্বপূর্ণ নথি সহ কয়েক লক্ষ টাকার সোনার গয়না ছিল। বেয়াইবাড়ি পৌঁছে গৌতমবাবু খেয়াল করেন তার সঙ্গে থাকা ব্যাগটি নেই। এরপরই বেয়াইকে সঙ্গে নিয়ে ব্যাগের খোঁজখবর করতে বেরোন এবং জানতে পারেন পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পরে প্রয়োজনীয় পরিচয়পত্র ও নথি পেশ করে পুলিশের কাছ থেকে ওই ব্যাগ ফিরে পান তিনি।

গৌতমবাবু ও তাঁর আত্মীয়রা ওই গ্যারেজ কর্মী এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, “এখনও সমাজে এমন সৎ মানুষ আছেন, যারা নিজের স্বার্থ না ভেবে অন্যের উপকার করেন—এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

অন্যদিকে গ্যারাজকর্মী মোহাম্মদ শাহবাজ জানান, “ওই ব্যাগে কোন গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে তার মনে হয়েছিল। পরে জানতে পারেন ওই ব্যাগে নথির পাশাপাশি সোনার গয়নাও ছিল।” পাশাপাশি তিনি দাবি করেন, তিনি শুধু নিজের কর্তব্য পালন করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments