সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চলছে জোর নজরদারি। জেলা জুড়ে একাধিক জায়গায় চালানো হচ্ছে নাকা চেকিং। আর এই নাকা চেকিংয়ের দরুণই বুধবার আসানসোলে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ।
জানা গেছে ১৯ নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ের কাছে নাকা চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে ১৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করে আসানসোল উত্তর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মিত গাড়ি তল্লাশির সময় সন্দেহজনক মনে হওয়ায় ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময়ই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। ঘটনার বিষয়টি সঙ্গে সঙ্গে আয়কর দফতরকে জানানো হয়। এরপর আয়কর দফতরের আধিকারিকরা উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে গাড়ির আরোহীদের জিজ্ঞাসাবাদ করেন ও সদুত্তর না পাওয়ায় ওই টাকা বাজেয়াপ্ত করা হয়।
প্রসঙ্গত গত সপ্তাহেও আসানসেল নাকা চেরিংয়ের দরুণ বিদেশি মুদ্রা সহ নগদ টাকা উদ্ধার হয়েছিল। নির্বাচন না হওয়া পর্যন্ত এই তল্লাশি জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


















