নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্নীতি এবং সন্ত্রাসের অভিযোগ তুলে দুর্গাপুরের মেন গেট এলাকায় প্রাক্তন তৃণমূল নেতা গোলাম রসূলকে ঘিরে প্রবল বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ওই প্রাক্তন নেতার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকায় মোতায়েন করা হয় দুর্গাপুর থানার পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শাসনকালে গোলাম রসূল এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও একাধিক সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, অতীতে গোলাম রসূলের নেতৃত্বে বহু বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল এবং অনেককে এলাকা ছাড়া হতে বাধ্য করা হয়েছিল। সেই পুরনো ক্ষোভ থেকেই এদিন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতার হাত থেকে গোলাম রসূল এবং তাঁর পরিবারের সদস্যদের সুরক্ষিতভাবে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। এরপর তাঁদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।